যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক:
Report by : Tista Mondal ● Digtal Arrangement & Graphix : Laboni De

কলকাতা ,১৭ ডিসেম্বর :আগামী বছর ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ,২০২৬।সেই উপলক্ষে আবুধাবিতে আয়োজিত আইপিএল ২০২৬-এর মিনি নিলামে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে রেকর্ড ২৫.২০ কোটি টাকায় কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স ।
এদিন গ্রিনকে পাওয়া নিয়ে কেকেআর ও চেন্নাই সুপার কিংসের মধ্যে তীব্র দর কষাকষি হয়। মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস প্রথমে শুরু করলেও পরের দিকে ১৬ কোটির ওপরে দাম নিয়ে যায় চেন্নাই। শেষ পর্যন্ত ২৫.২০ কোটিতে গ্রিনকে দলে নেয় কেকেআর।এর ফলে আইপিএল ইতিহাসে রেকর্ড গড়লেন অজ়ি অলরাউন্ডার।তিনিই আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি প্লেয়ার হয়ে ওঠেন। এই বছর নিলামেও তিনিই সবচেয়ে দামি প্লেয়ার।
কেকেআর গ্রিনের তৃতীয় দল।তার আইপিএল অভিষেক হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের হাত ধরে। ২০২৪-এ তিনি খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। যেখানে ১২ ইনিংসে ২৫৫ রান ও ১৩ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন। ভেঙ্কি মাইসোর বলেন, গ্রিন সব সময় কেকেআরের পরিকল্পনাতেই ছিল, তবে আবেগের বশে নয় বরং হিসেব করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ” গ্রিন আমাদের দলে অনেক কিছু যোগ করবে, বিশেষ করে নতুন পাওয়ার কোচ আন্দ্রে রাসেলের সঙ্গে।”
প্রসঙ্গত , নতুন নিয়ম অনুযায়ী, গ্রিন পুরো অঙ্কের অর্থ অর্থাৎ ২৫.২০ কোটি পাবেন না। বোর্ডের নিয়ম অনুসারে , বিদেশি প্লেয়াররা ১৮ কোটির বেশি পাবেন না।তাই গ্রিন সর্বোচ্চ ১৮ কোটি পাবেন। বাকি টাকা যাবে BCCI-এর প্লেয়ার ওয়েলফেয়ার ফান্ডে। এই নিয়মে বিদেশি খেলোয়াড়রা মিনি-নিলামে অতিরিক্ত দাম দাবি করতে পারবেন না।●