আড়াই পাতার আবেগী বিদায় বার্তা : আগামীদের জায়গা ছেড়ে দিয়ে প্রাক্তন হয়ে গেলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র মেসি

যুগবীক্ষণ স্পোর্টস ডেস্ক : খোলা ডাইরির আড়াই পাতা জুড়ে লেখা তীব্র আবেগ মিশ্রিত বিষাদঘন বিদায় বার্তা !অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি !বর্তমান বিশ্ব ফুটবলের জনপ্রিয়তম ফুটবলার এল এম ১০ – ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। নীল-সাদা জার্সিতে চিরতরে বিদায় জানালেন তিনি এবং সেইসঙ্গে সমাপ্ত হল এক রোমাঞ্চকর ঘটনাবহুল স্বর্ণালী অধ্যায়ের ! সোশ্যাল মিডিয়ায় সেই ডাইরির পাতা ও পেনের ছবি শেয়ার করে জানালেন আর নয়, এবার ইতি ।

ফুটবল কেরিয়ারে তাঁর মতো চড়াই-উতরাই বিশ্ব ফুটবলে খুব কম খেলোয়াড়ই ভোগ করেছেন ।ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে শুরু থেকেই সাফল্যের মুখ দেখলেও দেশের জার্সিতে সাফল্য সহজে আসে নি –লেগেছিল দেড় দশক ! ২০২১ থেকে ২০২৬ আর্জেন্টিনা ফুটবলের স্বর্ণযুগ ! নায়ক লিও মেসি। ২০২১-এ কোপা আমেরিকা জিতে ট্রফি অধরার শাপমোচন করেছিলেন মেসি! তারপর জিতেছিলেন ফিনিলিসামা।তারপরের ইতিহাস তো আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তথা লিওর ফুটবল জীবনের উজ্জ্বলতম অধ্যায়। ২০২২-এ কাতার বিশ্বকাপে স্বপ্নপূরণ, মেসির বিশ্বজয়। ২০২৪-এ ফের মেসির নেতৃত্বে কোপা জেতে আর্জেন্টিনা। ২০ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ১২৫টি গোল করেছেন মেসি। সঙ্গে অসংখ্য রেকর্ড !

অবসরের কথা জানিয়ে এক আবেগঘন বিবৃতিতে মেসি লিখেছেন, “এই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল। তবে আমি বুঝি যে সময় এসে গেছে। আমি আপনাদের কাছে শপথ করে বলছি, আমি সবসময় নিজের সেরাটা দিয়েছি—শুধুমাত্র গত কয়েক বছরে নয় যখন আমরা সবকিছু জিতেছিলাম, তার আগেও; এই জার্সির জন্য, আপনাদের আনন্দ দিতে এবং ফুটবলের মাধ্যমে আপনাদের আর্জেন্টাইন হিসেবে গর্বিত করতে আমি সবসময় লড়াই করেছি এবং মাঠে নিজের সবটুকু উজাড় করে দিয়েছি।”

বিদায়বেলায় আবেগকে চেপে রাখতে পারেন নি ফুটবলের রাজপুত্র ! লেখেন, “সময় দ্রুত ফুরিয়ে আসছে, বিভিন্ন অধ্যায়ের সমাপ্তি ঘটে, এবং এটি এমন একটি অধ্যায় যা আমাকে গভীরভাবে ব্যথিত করে। আমি জাতীয় দলের অংশ হতে ভালোবেসেছি, ভালোবাসি এবং সবসময় ভালোবেসে যাব। আমার যা দেওয়ার ছিল তার সবটুকু আমি দিয়েছি। আমার আর কিছু দেওয়ার বাকি নেই, আর তা ছাড়া বেশ কয়েকজন দারুণ তরুণ খেলোয়াড় উঠে আসছে যাদের এখানে থাকাটা প্রাপ্য।”

প্রসঙ্গত , এর আগেও একবার অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি ! ২০১৪ থেকে ২০১৬, বিশ্বকাপ ফাইনাল ও দুটি কোপা আমেরিকা ফাইনাল হারের পর । কিন্তু গোটা বিশ্ব জুড়ে কোটি কোটি ভক্তদের ভালোবাসার টানে ও ফুটবলের প্রতি অদম্য আকর্ষণে অবসর ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন আর্জেন্টাইন লেজেন্ড ১০।কিন্তু এবার চিরতরে প্রাণাধিক প্রিয় ফুটবলকে বিদায় জানালেন লিও।তবে কাঁটা হয়ে থাকল তাঁর বর্ণময় চোখ ধাঁধানো আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচটি । ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিরুদ্ধে হার।

ফুটবল জীবনের এই শেষ ম্যাচটি তিনি আপ্রাণ জেতার চেষ্টা করেছিলেন। ৩৯ এও নিজেকে উজাড় করে দিয়েছিলেন মাঠে ! পারলেন না।এই তীব্র আক্ষেপ ফুটবলের নীল-সাদা রাজপুত্রকে সারা জীবন তাড়া করে বেড়াবে বৈকি ! তীব্র আক্ষেপ থেকে যাবে বিশ্বব্যাপী তাঁর অগণিত অনুরাগীদেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *