গর্বের ১০৪ : শতবর্ষ পেরিয়ে দৃঢ়তা, ন্যায় ও ঐক্যের অঙ্গীকারে উজ্জ্বল ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিশেষ স্মারক অনুষ্ঠান কলকাতা প্রেস ক্লাবে

কলকাতা,১১ ফেব্রুয়ারী : ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়কাল থেকে পথ চলা ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের। ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয় দেশের প্রাচীনতম সাংবাদিক সংগঠন গুলির মধ্যে অন্যতম ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সুদীর্ঘ এই প্রতিষ্ঠান গর্বের সঙ্গে গত ১০৪ বছর ধরে মত প্রকাশের স্বাধীনতার রক্ষা, সাংবাদিকদের অধিকার সুরক্ষা , নৈতিক প্রতিবেদনকে উৎসাহিত করা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সাংবাদিক সমাজের ঐক্য সুদৃঢ় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ১০৪ তম বর্ষপূর্তি উপলক্ষে ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার, কলকাতা প্রেস ক্লাবে এক মনোজ্ঞ স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন আইজেএ-এর বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিয়ানার রাজ্যপাল অধ্যাপক অসীম কুমার ঘোষ। তার হাত ধরেই এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিনের এই অনুষ্ঠানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে তুলতে একটি মুক্ত দায়িত্বশীল ও স্বাধীন সংবাদ মাধ্যমের অপরিহার্য ভূমিকার কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম তথা সাংবাদিকতার মূল্যবোধ রাজনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যেও সাংবাদিকদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার জন্য ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভূমিকা সম্পর্কে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এদিনের এই স্মারক অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, নৈতিক সাংবাদিকতা এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণ রক্ষার বিষয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিরা।
এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর এবং সম্পাদক কিংশুক প্রামাণিক, এছাড়াও উপস্থিত ছিলেন, আইজেএ উদযাপন কমিটির চেয়ারম্যান জিগার রমেশ দোশি, আইজেএ -এর সভাপতি কে ডি পার্থ, আইজেএ- এর সম্পাদক দেবাশীষ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আইজেএ-এর বর্ষপূর্তি অনুষ্ঠানে এই সংগঠনের সভাপতি কে ডি পার্থ বলেন, “ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ১০৪ বছরের যাত্রা ভারতীয় গণতন্ত্রের বিকাশের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং সাংবাদিকদের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।”বলে জানান তিনি। এছাড়াও এদিন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আইজেএ উদযাপন কমিটির চেয়ারম্যান জিগার রমেশ দোশি, তিনি তার বক্তব্যে সংগঠনিক ধারাবাহিকতা ও সমষ্টিগত দায়িত্ববোধের গুরুত্বের কথা তুলে ধরেন একইসঙ্গে তিনি জানান, “এই অনুষ্ঠান শুধু অতীতকে সম্মান জানানো নয়, সাংবাদিকতার মূল্যবোধ রক্ষার প্রতি আমাদের যৌথ দায়বদ্ধতা কেও নতুন করে স্মরণ করিয়ে দেয়। সংবাদ মাধ্যমের চরিত্র বদলালেও আইজেএ কে সততা, মেন্টরশিপ ও পেশাগত সংহতির একত্রিত মঞ্চ হিসেবে এগিয়ে যেতে হবে।”

আইজেএ- এর সম্পাদক দেবাশীষ দাস ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদযাপনকে আত্মসমীক্ষা ও নতুন অঙ্গীকারের মুহূর্ত বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন,”উপনিবেশিক সময় থেকে ডিজিটাল যুগ পর্যন্ত আইজেএ ধারাবাহিকভাবে সাংবাদিকদের সমষ্টিগত কন্ঠস্বর হয়ে উঠেছে। আজ প্রবীন সহকর্মীদের সম্মান জানিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে বহন করে নিয়ে যাওয়ার মতো মূল্যবোধ গুলির কথা স্মরণ করছি।”এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের সাংবাদিকতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতার পাশাপাশি এই অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে সাংবাদিকতা ও জন আলোচনায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৬ জন প্রবীণ সাংবাদিককে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘রোল অফ অনার’ প্রদান করা হয়। প্রবীণ যে সমস্ত সাংবাদিকদের এই সম্মানে সম্মানিত করা হয়েছে তাঁরা হলেন – মৃণাল কান্তি বিশ্বাস, মানস ঘোষ, মিহির গঙ্গোপাধ্যায়, বচন সিং সরল, রাজ মিথালিয়া এবং আমানুল্লাহ মহম্মদ।শতবর্ষকে ছাপিয়ে আইজেএ-এর এই সুদীর্ঘ পথ চলার স্মারক এঅনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে জাতীয় সংগীতের অপূর্ব মূর্ছনায় ।●

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *