চিকিৎসা ক্ষেত্রে বিরল নজির রুবি জেনারেল হসপিটালের : অ্যাডভান্স ইন্টারভেনশনাল পালমনোলোজি ও রেসপিরেটরি চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য

● কলকাতা, ২১ ফেব্রুয়ারি : ক্যান্সার চিকিৎসা থেকে শুরু করে উন্নততর চিকিৎসায় পশ্চিমবঙ্গ তথা রাজ্যের বাইরেও রুবি জেনারেল হাসপাতাল একটি অগ্রণী এবং নির্ভরযোগ্য নাম।এবার চিকিৎসা ক্ষেত্রে ও জন স্বাস্থ্য পরিষেবায় এক নয়া উজ্জ্বল পালক যুক্ত হল রুবি জেনারেল হসপিটালের।
সম্প্রতি জরুরি অবস্থায় অ্যাডভান্স ইন্টারভেনশনাল পালমনোলোজি ও রেসপিরেটরি চিকিৎসায় অভূতপূর্ব সাফল্যের নজির রেখেছে এই হাসপাতাল। শুক্রবার, ২০ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবে রুবি জেনারেল হসপিটালের পক্ষ থেকে এই সাফল্যকে জনসমক্ষে তুলে ধরতে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। গত এক মাসে রুবি জেনারেল হাসপাতালের বিশিষ্ট পালমনোলজি টিম ডা: শুভঙ্কর চক্রবর্তী, ডা: দেবপ্রসাদ দাস ও ডা: রিকশন চ্যাটার্জি দুটি অত্যন্ত বিরল ও জীবন রক্ষাকারী ইন্টারভেনশানাল প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছেন। তাদের দাবি এই ধরনের চিকিৎসা পূর্ব ভারতে অত্যন্ত দুর্লভ এবং কোনরকম কাটাছেঁড়া ছাড়াই জীবনহানিকর পরিস্থিতি থেকে অবিলম্বে এবং সহজেই মুক্তি দিতে সক্ষম তাদের এই চিকিৎসা পদ্ধতি।এদিনের এই প্রেস কনফারেন্সে এই চিকিৎসা পদ্ধতিতে রোগীদের দ্রুত সুস্থতা ও ইতিবাচক ফলাফল গুলি সম্পর্কেও জানান উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা । বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাদের সুদৃঢ দক্ষতা অভিজ্ঞতা ও কলাকুশল এর মাধ্যমে সম্প্রতি তারা যে দুটি অত্যন্ত কঠিন সমস্যার সমাধান করেছেন তা বিস্তারিতভাবে এদিন তুলে ধরা হয় প্রেস কনফারেন্সে।
প্রথমটি হল: ঝাড়খণ্ডের ৬২ বছর বয়সী এক মহিলা রোগী প্রথমে ওপিডিতে আসেন ক্রমবর্ধমান শ্বাসকষ্ট, শুকনো কাশি, রক্ত মিশ্রিত কাশি ও বাম পাশে তীব্র বুকের ব্যথা নিয়ে যা তিনি প্রায় তিন মাস ধরে ভুগছিলেন। ওপিডিতে অপেক্ষারত অবস্থায় তার শ্বাস-প্রশ্বাস নেওয়া এতটাই কষ্টকর হয়ে ওঠে যে তাকে জরুরী ভিত্তিতে ভর্তি করতে হয়। সম্পূর্ণ ক্লিনিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষার পর ভিডিও ব্রঙ্কোস্কপি করা হয়। এরপর যেটি দেখা যায় তা হল, বামদিকের প্রধান শ্বাসনালী সম্পূর্ণভাবে একটি বড় টিউমার দ্বারা আটকে রয়েছে, যার ফলে বাম ফুষফুস পুরোপুরি বসে গিয়েছে। পরিবারের সঙ্গে বিস্তারিত আলোচনা ও লিখিত সম্মতির পর রোগীকে জেনারেল অ্যানেস্তেশিয়ায় রিজিড ব্রঙ্কোস্কপি করার সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষ পালমোনোলজিস্টদের টিম অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পূর্ণ টিউমারটি শরীর থেকে বার করতে এবং শ্বাসনালী পুনরায় সচল অবস্থায় ফিরিয়ে আনতে সফল হন। এই চিকিৎসার পর রোগীর বামদিকের শ্বাসনালিটি যেটি কিনা টিউমার দ্বারা আবদ্ধ ছিল তা সম্পূর্ণভাবে খুলে যায়, ফুসফুস আবার পুনরায় পুরোপুরি শ্বাস-প্রশ্বাস নিতে সক্ষম হয়ে ওঠে এবং রোগী তাৎক্ষণিক স্বস্তি অনুভব করেন। রিজিড ব্রঙ্কোস্কপি এই জটিল চিকিৎসাকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রিজিড ব্রঙ্কোস্কপি হল একটি মিনিমালি ইনভেসিভ অপারেটিভ পদ্ধতি। যার মাধ্যমে কেন্দ্রীয় শ্বাসনালীতে টিউমার , বাহিরের বস্তু বা সংকোচন দেখা এবং চিকিৎসা করা যায়। এটি বিশেষভাবে টিউমার নির্মূলকরণ , অধিক পরিমাণে রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, শ্বাসনালীতে স্টেন্ট বসানো ইত্যাদির জন্য ব্যবহৃত হয়।

বক্তব্য রাখছেন রুবি জেনারেল হসপিটালের চীফ জেনারেল অপারেশনাল ম্যানেজার ডক্টর শুভাশীষ দত্ত

দ্বিতীয়টি হল: মেদিনীপুরের ৬৯ বছর বয়সী এক প্রবীণ ব্যক্তি শ্বাসকষ্ট ও বুকের অসস্তি নিয়ে আসেন, এই ব্যক্তির প্রথম থেকেই সিওপিডি রোগ ছিল। দীর্ঘদিনের ধূমপায়ী হওয়ায় তার লো ডোজ সিটি স্ক্যান করা হয়, এবং এরপর সিটিস্ক্যানের দেখা যায় ফুসফুসের উপরের অংশে একটি স্পিকুলেটেড নডিউল এবং বাম ফুসফুসের উপরের অংশের শ্বাসনালীর ভিতরে একটি টিউমার ধরা পড়ে। পরবর্তী FDG ডিজিটাল PET-CT স্ক্যানে উল্লেখযোগ্য SUV Uptake দেখা যায়, যা ক্যান্সারের সম্ভাবনা প্রবল করে তোলে। ইন্টারভেনশনাল পালমনোলজি টিমের ব্রঙ্কোস্কপিতে দেখা যায় যে, বামদিকের উপরের লোবের অ্যান্টেরিয়র সেগমেন্টের শ্বাসনালী সম্পূর্ণভাবে একটি সেসাইল-পেডাঙকুলেটেড এন্ডোব্রঙ্কিয়াল টিউমারে বন্ধ হয়ে রয়েছে। উন্নত ইন্টারভেনশনাল প্রযুক্তির সাহায্যে ব্রঙ্কোস্কপিক স্নেয়ার ও ইলেকট্রোকটারি ব্যবহার করে সম্পূর্ণ টিউমারটি এক সাথে সফলভাবে বের করে আনা যায়। যথাযথভাবে রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা হয় এবং শ্বাসনালী সম্পূর্ণভাবে পুনরায় সচল হয়ে ওঠে। ডান ফুসফুসের উপরের অংশের নডিউল থেকে রেডিয়াল EBUS- এর সাহায্যে বায়োপসি নেওয়া হয়। রোগী সম্পূর্ণভাবে এই প্রক্রিয়া সহ্য করেন, চিকিৎসার পর স্থিতিশীল থাকেন এবং বর্তমানে উল্লেখযোগ্য উপসর্গের উন্নতি সহ সুস্থ হয়ে ওঠেন। এই ক্ষেত্রেও আধুনিক EBUS যন্ত্র চিকিৎসাটিকে সফল করে তোলে।

এদিন যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি হয়ে রুবি জেনারেল হসপিটাল এর পালমোনোলজিস্ট ডক্টর রিকশন চ্যাটার্জি পালমনোলজি কি এবং তা কিভাবে সনাক্ত করা সম্ভব এবং এর জন্য সাধারণ মানুষকে কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তা সবটাই তুলে ধরেন তার বক্তব্যের মাধ্যমে।

এদিনের প্রেস কনফারেন্সে যুগবীক্ষণ ডিজিটালকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রুবি জেনারেল হসপিটালের চীফ জেনারেল অপারেশনাল ম্যানেজার ডক্টর শুভাশীষ দত্ত পালমনোলজি সহ রুবি হসপিটাল বিভিন্ন উন্নত চিকিৎসার মাধ্যমে কিভাবে সর্বদা সাধারণ মানুষের চিকিৎসায় নিয়োজিত থাকে তা বিশদে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *