YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 25 September, 2026 12:35 pm (IST)

কলকাতা : পুজোর পরেই হতে চলেছে পুরভোট। যদিও এখনও পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তার আগেই ভোট প্রস্তুতিতে একধাপ এগিয়ে রইল রাজ্য নির্বাচন কমিশন। আসন্ন পুরভোটের জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে ৪০ হাজারেরও বেশি নতুন ইভিএম ইউনিট এসে পৌঁছেছে রাজ্যে। সূত্রের খবর, মোট ২১ হাজার ১৮৪ টি ব্যালট ইউনিট এবং ১৯ হাজার ৫৬৪ টি কন্ট্রোল ইউনিট ইতিমধ্যেই পৌঁছেছে রাজ্যে। পুরভোটের দিনক্ষণ চূড়ান্ত না হলেও পুজোর পর আগামী ২৭,২৮ তারিখ পুরসভা ভোট এবং ডিসেম্বরের ২ তারিখে ফল প্রকাশ হতে পারে বলে সূত্রের খবর।
দিনক্ষণ চূড়ান্ত না হলেও এখন থেকেই ভোট পর্বের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক ইভিএম সংগ্রহ করে রাখা এবং সেগুলির যথাযথ প্রযুক্তিগত পরীক্ষা ও প্রস্তুতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত প্রটোকল মেনে প্রতিটি ইভিএম এর প্রযুক্তিগত পরীক্ষা করা হবে। কোনও যন্ত্রের ত্রুটি ধরা পড়লে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরপর পরীক্ষা শেষ হলে শুরু হবে জেলাভিত্তিক ইভিএম বন্ঠনের কাজ।
কোন জেলার, কতগুলি পুরসভায় ভোট হবে এবং সংশ্লিষ্ট এলাকার ভোট কেন্দ্রের সংখ্যা কত সেই সমস্ত দিক দেখে চাহিদা ভিত্তিক ইভিএম পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি ভোট গ্রহণের সঙ্গে যুক্ত কর্মীদেরও প্রশিক্ষণ শুরু হবে ধাপে ধাপে । সাধারণত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে ভোটার তালিকা, বুথ পরিকাঠামো, ভোটকর্মী এবং ইভিএম সহ একাধিক ভোট প্রস্তুতিপর্ব সম্পূর্ণ করে থাকে নির্বাচন কমিশন। এইবারেও সেই প্রক্রিয়া সম্পন্ন করতে উদ্যোগী কমিশন।
ভোট প্রস্তুতির ক্ষেত্রে ইভিএম এর পর্যাপ্ত জোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ । পৌরসভার ক্ষেত্রে একাধিক ওয়ার্ড এবং প্রতিটি ওয়ার্ডে একাধিক ভোটকেন্দ্র থাকায় বিপুল সংখ্যক ব্যালট ও কন্ট্রোল ইউনিটের প্রয়োজন হয়, সেই চাহিদার কথা মাথায় রেখেই এবার আগে থেকেই ইভিএম সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, চলতি বছর পুরসভা ভোটে পূর্বের তুলনায় বেড়েছে ওয়ার্ড সংখ্যাও। ১৪৪ টির পরিবর্তে তা বেড়ে ২০৯ টি হয়েছে।