যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
●Report by : Tista Mondal
●Digital Arrangement & Graphix : Laboni De
কলকাতা,১ এপ্রিল:

আজ বুধবার, ১ এপ্রিল থেকে বৃদ্ধি পেল বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম। এক ধাক্কায় ২০০ টাকারও বেশি বাড়লো গ্যাসের দাম। কলকাতা, দিল্লি সহ বিভিন্ন শহরে নতুন দাম কার্যকর হয়েছে। তবে এক্ষেত্রে গৃহস্থের ১৪ কেজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। দেশে গ্যাস সংকটের আবহে এলপিজির এই মূল্য বৃদ্ধি রেস্তোরাঁ ও হোটেলের খরচ আরও বাড়াতে চলেছে।
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন শহরে কত মূল্য বৃদ্ধি ঘটলো গ্যসালের – বুধবার, ১ এপ্রিল থেকে এক ধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লো ২০০ টাকারও বেশি। এলপিজির এই বৃদ্ধি সর্বকালের সর্বাধিক বৃদ্ধি। আজ থেকেই কার্যকর হচ্ছে নতুন নির্ধারিত দাম। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২১৮ টাকা বৃদ্ধি পেয়ে , তা হয়েছে ২২০৮ টাকা। দিল্লিতে সিলিন্ডার পিছু ১৯৪ টাকা বেড়ে , তা হয়েছে ২০৭৮.৫০ টাকা। মুম্বাইয়ে ৯৬ টাকা বেড়ে বর্তমানে এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ২০৩১ টাকা। চেন্নাইয়ে এলপিজি সিলিন্ডার কিনতে গেলে বর্তমানে দিতে হবে ২২৪৬ টাকা। বাণিজ্যিক গ্যাস সাধারণত ব্যবহার হয়ে থাকে রেস্তোরাঁ-হোটেলে। সুতরাং মূল্য বৃদ্ধির ফলে রেস্তোরাঁ ও হোটেল গুলিতে মাসিক খরচ বাড়তে চলেছে। অপরদিকে গৃহস্থের ১৪ কেজির সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। কলকাতায় ১৪ কেজির গৃহস্থের সিলিন্ডারের দাম ৯৩৯ টাকা। দিল্লিতে ১৪ কেজি সিলিন্ডারের দাম ৯১৩ টাকা। চেন্নাইয়ে ১৪ কেজি সিলিন্ডারের দাম ৯২৮.৫০ টাকা।