পুরীতে রথযাত্রা উৎসবে ২ পুণ্যার্থীর মৃত্যু ! –পদপিষ্টের পরিস্থিতি – প্রবল বৃষ্টিতে অসুস্থ বহু তীর্থযাত্রী হাসপাতালে

পুরী: রথযাত্রা উৎসব মানেই পুরী।এবার সেখানেই মৃত্যুর ছোবল ! রথ উপলক্ষে ওড়িশার পুরীতে চলা উৎসবের মাঝে টানা প্রবল বৃষ্টিতে একাধিক ভক্ত অসুস্থ। এই পরিস্থিতিতে ওড়িশা মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, অসুস্থ হয়ে পড়া সাতজন ভক্তকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সরকারি বিবৃতি অনুযায়ী, হাসপাতালে নিয়ে যাওয়া সাতজনের মধ্যে ৬০ বছরের বেশি বয়সি এক পুরুষ ভক্তের মৃত্যু হয়েছে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।অন্যদিকে, পৃথক একটি ঘটনায় ৩৫ বছরের বেশি বয়সি আরেক পুরুষ ভক্ত হৃদ্‌রোগে আক্রান্ত হন। তাঁকে দ্রুত চিকিৎসা দেওয়া হলেও শেষরক্ষা হয়নি। একটানা বৃষ্টিতে অসুস্থ হয়ে পড়েন আরও বহু ভক্ত। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে, অনেকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসার শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রথের দিন দুপুরে জগন্নাথ দেবের ভক্তদের হুড়োহুড়িতে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয় । প্রাথমিক তথ্য অনুযায়ী, অতিরিক্ত ভিড়, বৃষ্টি ও ধাক্কাধাক্কির জেরে বহু ভক্ত অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে অন্তত ২০০ জন শ্বাসকষ্ট ও নানা শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঘটনার খবর পেয়ে স্পেশ্যাল রেসকিউ বিভাগের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। অসুস্থ ভক্তদের অ্যাম্বুল্যান্সে করে পুরী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে রথযাত্রার মতো বৃহৎ ধর্মীয় উৎসবে বিপুল জনসমাগম হাওয়ায় প্রশাসনের তরফ থেকে পরিস্থিতির উপর কড়া নজরদারি চলছে। ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জরুরি পরিষেবাও আরও জোরদার করা হয়েছে। তীর্থযাত্রীদের আতঙ্কিত না হয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।সূত্রের খবর পুরী জুড়ে ১৩,০০০-এরও বেশি পুলিশ এবং এনএসজি, আরএএফ, সিআরপিএফ এবং বিএসএফ সহ কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ১৫টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। জরুরি অবস্থার জন্য কুইক রেসপন্স টিম মোতায়েন রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *