যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
●Report by : Tista Mondal
●Graphix : Laboni De
●Digital Arrangement : IJMC

কলকাতা,৩ মে: আগামীকাল ৪ মে রাজ্যে ২৯৩ টি আসনে ভোট গণনা হতে চলেছে। ভোট গণনার ঠিক কয়েক ঘণ্টা আগেই বদল কালীঘাট থানার ওসি। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন কালীঘাট থানার ওসি গৌতম দাস। সম্প্রতি তাঁর একটি ছবিকে কেন্দ্র করে তৈরি হয় তীব্র বিতর্ক। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, গৌতম দাস অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল হাতে সামনে তাক করে চেয়ারে বসে রয়েছেন।
এরপর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের দৃষ্টি আকর্ষণ করেন।এই ঘটনাটির পরেই বন্দুক বিতর্কে কালিঘাট থানার ওসি গৌতম দাসকে সরিয়ে শনিবারই চামেলী মুখোপাধ্যায়কে কালিঘাট থানার ওসি পদে নিয়োগ করা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই নির্দেশিকা বাতিল করা হয়েছে রবিবার। চামেলী মুখোপাধ্যায়ের পরিবর্তে কালীঘাট থানার ওসি করা হয়েছে ভাঙ্গড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি পদে থাকা বলাই বাগকে। রবিবার কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। বর্তমানে কালীঘাট থানার নতুন ওসি হলেন বলাই বাগ।
২৪ ঘন্টার মধ্যে কেন এই রদবদল তা এখনও স্পষ্ট নয়! প্রসঙ্গত উল্লেখযোগ্য, রাজ্যে ভোট ঘোষণার পরেই রাজ্যের একাধিক পুলিশ প্রশাসনে পূর্বেই রদবদল করেছে নির্বাচন কমিশন। সেই সময় ভবানীপুর থানার ওসিকেও সরিয়ে দেওয়া হয়। পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত উৎপল ঘোষকে নিয়ে আসা হয় ভবানীপুরের ওসি পদে। কিন্তু হঠাৎই নিয়োগের এক মাসের মধ্যে উৎপল ঘোষকেও সরিয়ে দেওয়া হয় সেই পদ থেকে।কিন্তু এক্ষেত্রে চামেলী মুখোপাধ্যায়কে আনার পর ২৪ ঘন্টার মধ্যেই আবারও তাকে বদল করে নিয়ে আসা হয়েছে ভাঙ্গড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি পদে থাকা বলাই বাগকে।স্বাভাবিকভাবেই পুলিশ মহল থেকে ওয়াকিবহাল নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে কেন এই অস্বাভাবিক পরিবর্তন ? ভোট গণনার আগে পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের অন্তর্গত কালীঘাট থানায় এই ঘটনা কি প্রশাসনিক অস্থিরতাকে ইঙ্গিত করে ? নাকি এর পিছনে রয়েছে কোন অন্য অঙ্ক ?
প্রসঙ্গত , চামেলীর কালীঘাট থানায় নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন পূর্ব বর্ধমানের মেমারি কেন্দ্রের বিজেপি প্রার্থী মানব গুহ।সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন যে চামেলীর বিরুদ্ধে আদালতে মামলা চলছে … এর পরেও নির্বাচন কমিশন কি করে চামেলীকে ওসি পদে বহাল রাখবে ?