লাল-হলুদ আগুনের দাবানলে পুড়ে ছারখার সবুজ-মেরুন বাগান : ২২ বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতা : দীর্ঘ ২২ বছরের খরা কাটিয়ে অবশেষে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ! চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড জিতল লাল হলুদ ব্রিগেড । হ্যাটট্রিক করলেন দলের তারকা ফুটবলার লালরিনডেকা এডমুন্ড। ইস্টবেঙ্গলের হয়ে অপর গোলটি করেন বিপিন।অন্যদিকে মোহনবাগানের মনবীর একটি গোল শোধ দেন।

রবিবার যুবভারতীতে প্রথমার্ধের ২২ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধের শেষে ফলাফল ছিল ৪-১। বস্তুত প্রথমার্ধেই ম্যাচ শেষ বৈকি !দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতেই পারেনি সবুজ মেরুন। এবার ডুরান্ডে খুবই কঠিন ক্রীড়াসূচি ছিল। দু’দলই ছিল ক্লান্ত।ইস্টবেঙ্গলে হাবাসের প্রত্যাবর্তন একটি বড় ঘটনা।মোহনবাগানের প্রাক্তন কোচের রণকৌশলে ১৩৫ তম ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলের সামনে দাঁড়াতেই পারল না মোহনবাগান। হাবাসের কৌশল ছিল প্রথামার্ধেই আক্রমণাত্মক হয়ে ওঠা।এই কৌশলের কাছেই মোহনবাগান কার্যত হেরে যায় এদিন ।

এদিনেই ফাইনাল ম্যাচে খেলা শুরুর পর থেকেই মোহনবাগানের রক্ষণভাগের দুর্বলতা সামনে আসতে থাকে। মোহনবাগানের মাঝমাঠের দুর্বলতাও ধরা পড়েছে বারবার।সারা ম্যাচে তেমন কোনও বড় আক্রমণও তৈরি করতে পারেনি মোহনবাগান।অপরদিকে ইস্টবেঙ্গল দলগত সমন্বয়ে অনেক এগিয়ে ছিল।খেলার ১০ মিনিটেই লাল হলুদ প্রথম গোল পেয়ে যায়। ১০ মিনিটের মাথায় বিপিন সিং মোহন জালে বল জড়িয়ে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন।এর ঠিক ২ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের এডমুন্ড আবার গোল করে ২-০-তে এগিয়ে দেন লাল হলুদকে। ১২ মিনিটে ২ গোল খেয়ে কার্যতই চাপে পড়ে যায় মোহনবাগান। কিন্তু সেই চাপ আরও বাড়ে খেলার ২২ মিনিটে। এডমুন্ড আরও একটি গোল করে ব্যবধান ৩-০ করে দেন।খেলার ৩৩ মিনিটে মোহনবাগানের মনবিন্দর সিং একটি গোল শোধ করেন। খেলার ফল দাঁড়ায় ৩-১।খেলার ৪৪ মিনিটের মাথায় ফের ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন এডমুন্ড। পরপর ৩ গোল করে হ্যাটট্রিক করেন তিনি ।ইস্টবেঙ্গল এগিয়ে যায় ৪ -১ গোলে।এই সময় মোহনবাগান খেলোয়াড়দের কার্যত অসহায় ও ছন্নছাড়া মনে হয়েছে।

এডমুন্ড তৃতীয় ভারতীয় হিসেবে ফুটবলের বড় টুর্নামেন্টের ডার্বি ম্যাচে হ্যাটট্রিক করলেন। এর আগে এই কৃতিত্ব ছিল বাইচুং ভুটিয়া, ইস্টবেঙ্গলের হয়ে। অন্য জন কিয়ান নাসিরি, মোহনবাগানের হয়ে। এই নিয়ে ১৭ বার ডুরান্ড জয়ী হলো ইস্টবেঙ্গল, ছুঁয়ে ফেলল মোহনবাগানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *