‘আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী কেউ হবে না’, পার্ক সার্কাস অশান্তিতে কড়া বার্তা শুভেন্দুর ! দলের রং না দেখে পুলিশকে পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

পার্ক সার্কাস কাণ্ডে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷রবিবার পার্ক সার্কাসে কলকাতা পুলিশের ডিভিশনাল অফিসে গিয়ে পুলিশ আধিকারিক এবং কর্মীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে তাঁর থেকে খারাপ পুলিশমন্ত্রী আর কেউ হবেন না৷

গত শনিবার পার্ক সার্কাসে একটি জমায়েত সরাতে গেলে পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে৷ পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয় ইট, পাথর৷ ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আহত হন৷ এ দিন সেই আহত পুলিশকর্মীদের দেখতে এবং পুলিশের মনোবল বাড়াতে পার্ক সার্কাসে কলকাতা পুলিশের সাউথ ইস্ট ডিভিশনের অফিসে যান শুভেন্দু ৷

আইনভঙ্গকারীদের কড়়া হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, ‘পার্ক সার্কাস সহ যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, তারা কান খুলে শুনে রাখুন, এটাই শেষ ঘটনা৷ এর পর এরকম ঘটনা ঘটলে আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী কেউ হবে না৷ পুলিশ আহত হবে আর পুলিশমন্ত্রী এসি ঘরে বসে দেখবে, সেসব এখন অতীত৷ এ বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে৷’

পুলিশকর্মীদের মনোবল বাড়াতে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘পুলিশকেও বলছি বিএনএস-এ যা বলা হয়েছে সেই অনুযায়ী আপনারা নির্ভয়ে করুন৷ কে কোন দলের, কোন ধর্ম, কোন সম্প্রদায়ের লোক, কোন প্রভাবশালীর ঘনিষ্ঠ এসব দেখার দরকার নেই৷ প্রধানমন্ত্রী বার বার বলেছেন ভয় আউট ভরসা ইন৷ কলকাতা পুলিশ যে উচ্চতায় ছিল, সেখানে ফিরিয়ে আনুন৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *