A Report by:
Yugabikshon Web Desk
25 May 2026 03.03 IST
Follow Us
দক্ষিণ ২৪ পরগণা:দক্ষিণ ২৪ পরগণার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে রেকর্ড ব্যবধানে জয়ী হলেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। ১,০৯,০২১ ভোটের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে আনেন তিনি।নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা মোট ১,৪৯,৬৬৬টি ভোট পেয়েছেন।

এই আসনে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিআই(এম), তাদের প্রার্থী শম্ভুনাথ কুর্মি পেয়েছেন ৪০,৬৪৫টি ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী আবদুর রাজ্জাক মোল্লা, তিনি পেয়েছেন ১০,০৮৪টি ভোট। অন্যদিকে, সবাইকে চমকে দিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান মাত্র ৭,৭৮৩টি ভোট পেয়ে চতুর্থ স্থানে ছিটকে গেছেন। তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে !

ফলতার এই নজিরবিহীন ও ঐতিহাসিক জয়ের পর বিজেপি প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “ফলতার জনগণ তাঁদের রায় দিয়েছেন! গণতন্ত্রের জয় হয়েছে এবং ভয় আজ পরাজিত হয়েছে। ফলতায় রেকর্ড-জয়ের জন্য দেবাংশু পান্ডাকে আন্তরিক অভিনন্দন। এটি বিজেপির প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অটল আস্থারই প্রতিফলন।” একই সঙ্গে তিনি বলেন , আগামী দিনেও বিজেপি পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাবে।

রাজনৈতিক বিশ্লেষক এবং ওয়াকিবহাল মহলের মতে, ফলতার এই পুনঃনির্বাচনের ফলাফল দুটি কারণে অত্যন্ত নজিরবিহীন ও ঐতিহাসিক। প্রথমত, তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর এই প্রথম দলের কোনো প্রার্থী কোনো নির্বাচনে চতুর্থ স্থান পেলেন। দ্বিতীয়ত, ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হল। এই জয়ের হাত ধরে পশ্চিমবঙ্গের ২৯৪ আসন বিশিষ্ট বিধানসভায় বিজেপির মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৮।