Reported by : Tista Mondal
Digital Presentation by :Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Update :August 24, 2026 2:52 pm IST

কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ১৯ ও ২০ অগাস্টের গন্ডগোলের ঘটনার পরিপ্রেক্ষিতে এবার বিচারবিভাগীয় তদন্তের পথে হাঁটতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।সূত্রের খবর অনুযায়ী অবসরপ্রাপ্ত কোনও বিচারপতিকে তদন্তের দায়িত্বে রেখে তদন্ত করা হবে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে যোগাযোগও করেছে ।
প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার তদন্ত কমিটিতে না থাকার সিদ্ধান্ত জানানোর পরই তার নেতৃত্বে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি ভেঙে দেওয়া হচ্ছে।আগেই অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের তরফেও হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে তদন্ত করার দাবি জানানো হয়েছিল।সূত্রের খবর, ইতিমধ্যেই কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য।
প্রসঙ্গত ,১৯ অগাস্ট রাতে এসএফআই ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা বৈঠকের বিরোধিতা করে এবিভিপি। অভিযোগ, প্রতিবাদ ঘিরেই দু’পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। সংঘর্ষে এবিভিপির বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিভিপির দাবি, নির্বাচিত ছাত্র সংসদ না থাকা অবস্থায় কীভাবে জিবি মিটিং ডাকা হল, তা নিয়েই তাঁদের আপত্তি। অন্যদিকে, বাম ছাত্র সংগঠনগুলির অভিযোগ, এবিভিপিই হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছে।
যাইহোক , রাজ্য তথা দেশের একটি গুরুত্বপূর্ণ ও নামী শিক্ষা কেন্দ্র এই যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঝেমাঝেই বিভিন্ন অনভিপ্রেত ঘটনায় শিরোনামে চলে আসে ! সাম্প্রতিক এই ঘটনার জল কোনদিকে গড়ায় ,আপাতত সবার নজর সেই দিকেই