লাইট ,ক্যামেরা সাউন্ড স্তব্ধ : নিঃশব্দলোকে পাড়ি দিলেন ৩ বারের জাতীয় পুরস্কারজয়ী চিত্র পরিচালক রাজা সেন

কলকাতা : টালিউডের কিংবদন্তী বিদায় ! প্রয়াত স্বনামধন্য চিত্র পরিচালক রাজা সেন ! রবিবার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। শেষ সময় ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। এদিন সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন পরিচালকের প্রয়াণের খবর নিশ্চিত করেন তাঁর স্ত্রী পাপিয়া সেন।

প্রসঙ্গত , চলতি বছরেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল রাজা সেনকে।অস্ত্রোপচারও হয়েছিল তাঁর।আসলে সমস্যাটা তৈরি হয়েছিল প্রায় দশ বছর আগে। ‘মায়া মৃদঙ্গ’ ছবির শুটিংয়ে আচমকাই সেট থেকে পড়ে গিয়েছিলেন এই পরিচালক। কোমরে মারাত্মক চোট পেলেও সেটাকে প্রথমে বিশেষ গুরুত্ব দেননি পরিচালক । কিন্তু অবহেলা করার সেই মাশুল গুনতে হয় পরবর্তীকালে। গত ছয়-সাত বছর ধরে হাঁটাচলার সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের শুরুতেই হঠাৎ শরীরের নীচের অংশ অবশ হয়ে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শ নেন তিনি। তখনই ধরা পড়ে তাঁর গুরুতর স্নায়ুর সমস্যা। যদিও ততক্ষণে চিকিৎসায় দেরি হয়ে গিয়েছিল অনেকটাই।এবছর ফেব্রুয়ারি মাসে কোমর এবং শিরদাঁড়ার মধ্যভাগে তাঁর অস্ত্রোপচার হয়েছিল । এবার ফুসফুসের সমস্যা নিয়ে ভর্তি হন, কিন্তু শেষ রক্ষা করা গেল না।না ফেরার দেশে পাড়ি দিলেন পরিচালক রাজা সেন।

এদিন বাংলা চলচ্চিত্রের সুপার ষ্টার প্রসেনজিৎ চ্যাটার্জি রাজা সেনের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করে শোকজ্ঞাপন করেন। তিনি তাঁর সেই পোস্টে লেখেন,একজন কিংবদন্তির বিদায় সবসময়ই বেদনাদায়ক। বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান আমাদের কাছে অমূল্য। রাজাদা, আপনাকে শ্রদ্ধায় স্মরণ করছি। আপনার সৃষ্টি ও স্মৃতি চিরকাল থেকে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *