YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated:27 November,2026;3:25 pm (IST)

কলকাতা : নতুন বছরের শুরুতেই বেসরকারি স্কুলের পড়ুয়াদের জন্য বড় উপহার। সরকারি স্কুল গুলির পাশাপাশি এবার বেসরকারি স্কুল গুলিতেও পড়ুয়াদের কাছে পৌঁছে যাবে নতুন বই। আগামী শিক্ষাবর্ষ থেকে পড়ুয়াদের বিনামূল্যে নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন।
আগামী ২ জানুয়ারি রাজ্যের সব স্কুল গুলিতে পৌঁছে যাবে নতুন বই। পর্যাপ্ত পরিমাণ বই ছাপানো হচ্ছে বলে জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তথা WBBSE- এর অধীনস্থ সকল সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুল গুলিতেও নতুন বছরে বিনামূল্যে যাবতীয় বই দেওয়া হবে।
স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, আগে ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত ইংরেজির ফাস্ট ল্যাঙ্গুয়েজের আলাদা কোনও বই ছিল না। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যা ইংরেজি পড়ানো হয় সেটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলে চালিয়ে দেওয়া হয়। কিন্তু এবার ক্লাস এইট পর্যন্ত ইংরেজির ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এর বই দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রাইমারি থেকে ক্লাস এইট পর্যন্ত সব বই রিভিশন করা হচ্ছে। বইগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে বদল করা হয়েছে নাম। নাম ঠিক করেছে সিলেবাস কমিটি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও শিক্ষা দপ্তরের কোনও ভূমিকা নেই বলেই জানিয়েছেন তিনি। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই বদল আনা হচ্ছে বলে জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন।