যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Report by : Tista Mondal ●Graphix : Laboni De ●Digital Arrangement : IJMC

কলকাতা,১০ মে:
আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই শুভেন্দুর ব্যক্তিগত সচিব এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শান্তনু বালা এবং সুব্রত গুপ্তকে। প্রসঙ্গত উল্লেখযোগ্য এই সুব্রতকেই রাজ্যে ভোট যুদ্ধের সময় বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছিল নির্বাচন কমিশন। সোমবার দুপুরে নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকে বিশেষ সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, ডেপুটি সচিবের মতো এক ঝাঁক আমলাকে এবার কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। এদিন পরপর তিনটি বৈঠক করবেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার দুপুরে নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ডেকেছেন শুভেন্দু, এরপর জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে তাঁর, বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি। শনিবার বিকেলের পর রাজ্য প্রশাসনের কর্মরত বেশ কয়েকজন আমলাকে, কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরে ডেকে পাঠানোর নির্দেশিকা জারি করেছে নবান্ন। সোমবারই ওই দপ্তরে গিয়ে তাদের রিপোর্ট করতে বলা হয়েছে। ওয়াকিবহাল মহল এর মতে, এই সমস্ত আধিকারিককে নতুন দায়িত্বে পাঠানো হতে পারে। অপরদিকে তৃণমূলপন্থী সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েককে বদলি করেছেন নবান্ন। পূর্বে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি, সেখান থেকে তাঁকে সরিয়ে পাঠানো হয়েছে দার্জিলিংয়ে। দার্জিলিং এর বিজনবাড়িতে পুলবাজার বিডিও অফিসে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে নবান্ন।
শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরেই সরকারে পালাবদলের পর প্রশাসনিক স্তরেও রদবদল যে হতে পারে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। আগামীকাল একসঙ্গে ৬২ জন আমলাকে, কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরে ডাকা হয়েছে তাঁদের মধ্যে বেশিরভাগ কর্মীই পূর্বাতন সরকারের কোনও না কোনও মন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন, পাশাপাশি অনেকে ছিলেন বিভিন্ন দপ্তরের বিশেষ সচিবও। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথ গ্রহণ হবে আগামীকাল সোমবার, ১১মে। এদিন পরিষ্কার হয়ে যাবে কে কোন দপ্তর সামলাতে চলেছেন। আগামীকাল বাকি সদস্যদের লোকভবনে রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন বলে জানা যাচ্ছে।