YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
যুগবীক্ষণ ডিজিটাল ডেস্ক
Last Updated: 30 August, 2026 2:10 am (IST)

একটা স্থায়ী পাকা বাসস্থানের স্বপ্ন কে না দেখে ! সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে রাজ্যজুড়ে পুরোদমে চলছে ‘আবাস প্লাস ২০২৪ সমীক্ষা’। এই প্রকল্পের অধীনে কাঁচা বাড়িতে বসবাসকারী বা গৃহহীন প্রতিটি পরিবার একটি স্থায়ী পাকা বাড়ি পাবে। গত আড়াই মাস ধরে রাজ্যের গ্রাম ও প্রত্যন্ত এলাকাগুলিতে আবাস প্লাসের সমীক্ষার কাজ চলেছে।প্রাথমিক ভাবে ১৫ অগাস্ট পর্যন্ত সময়সীমা ঘোষণা করা হলেও রাজ্যের তরফে সময়সীমা বাড়ানো হয়েছে ।
রাজ্যে পালা বদলের পর পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর প্রান্তিক ও যোগ্য গ্রামীণ পরিবারগুলির মাথার ওপর পাকা ছাদ সুনিশ্চিত করতে বিশেষ তৎপরতা দেখাচ্ছে বৈকি।সরকারি তথ্য অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যে ৩৮ লক্ষ পরিবারের নাম ‘প্রধানমন্ত্রী আবাসন যোজনা-গ্রামীণ’-এর আওতায় সফলভাবে নথিভুক্ত করা হয়েছে।

যেসব যোগ্য পরিবার এখনও আবাস প্লাস প্রকল্পে আবেদন করতে পারেননি, তাঁদের জন্য আগামী ৩১ অগাস্ট, ২০২৬ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আবেদন প্রক্রিয়াকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে ডিজিটাল মাধ্যমের সাহায্য নেওয়া হচ্ছে। সাধারণ নাগরিকেরা নিজেদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে Awaas Plus 2024 ও AadhaarFaceRD এই দুটি নির্দিষ্ট অ্যাপের্ মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
আবেদন করার ক্ষেত্রে মূলত তিনটি নথি কাছে রাখা আবশ্যক করা হয়েছে:আধার কার্ড,১০০ দিনের কাজের জব কার্ড,আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিবরণ।আবেদন সম্পর্কিত যে কোনও সমস্যা বা অতিরিক্ত তথ্যের জন্য নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত কার্যালয় অথবা ব্লক উন্নয়ন আধিকারিকের (BDO) কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

আবাস প্লাস প্রকল্পে সহায়তার জন্য চালু রয়েছে দুটি হেল্পলাইন নম্বর— ৮২৮২০৮২৮২০ এবং ১৮০০ ৮৮৯ ১৪৫১। পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে নজর রাখুন রাজ্য সরকারের পঞ্চায়েত দফতরের নিজস্ব ওয়েবসাইট prd.wb.gov.in-এ ।
রাজ্যের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ যে সকল সুবিধাভোগীর বাড়িতে এখনও সমীক্ষা করা হয়নি, তাদের জন্য dilipghosh64@gmail.com এই ইমেল আইডিটি প্রকাশ করেছেন এবং তাদের নাম, গ্রামের নাম, পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম লিখে ২৪ ঘণ্টার মধ্যে এই ইমেল ঠিকানায় মেল পাঠাতে বলেছেন। মেল পাঠালে অবিলম্বে একটি দল সেই ব্যক্তির বাড়িতে গিয়ে সমীক্ষাটি সম্পন্ন করবে বলে আশ্বাস দিয়েছেন দিলীপ ।