উচ্চ মাধ্যমিকে উঠে যাচ্ছে সেমেস্টার প্রথা ? বহু শিক্ষকদেরই অভিযোগ ! বড় সিদ্ধান্তের পথে রাজ্য ?

কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষায় কি ফিরতে চলেছে পুরনো নিয়ম ? বাতিল হচ্ছে বিগত তৃণমূল সরকারের আমলে প্রচললিত সেমেস্টার প্রথা ?সূত্রের খবর উচ্চ মাধ্যমিকে এবার বড় পরিবর্তন আনার পথে রাজ্য সরকার। বিগত তৃণমূল সরকারের আমল থেকে গত দুই বছর ধরে উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু রয়েছে। এবার তা বাতিল করা হতে পারে।পরীক্ষা ব্যবস্থায় পুরনো নিয়মই ফিরিয়ে আনতে চাইছে বর্তমান শিক্ষা দফতর। আপাতত আলোচনার পর্যায়ে রয়েছে। সব ঠিক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই উচ্চ মাধ্যমিকে চালু হতে পারে পুরনো নিয়ম।

প্রসঙ্গত , বিগত সরকারের আমলে উচ্চমাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে বড়সড় পরিবর্তন এনে চালু করা হয়েছিল সেমেস্টার ব্যবস্থা। সেই নিয়মে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট চারটি পরীক্ষায় বসতে হত পড়ুয়াদের। রাজ্যে পালাবদলের পর বিভিন্ন ক্ষেত্রে পুরনো একাধিক নিয়মে পরিবর্তন আনা হচ্ছে ।সেই পরিপ্রেক্ষিতেই উচ্চ মাধ্যমিকেও পরিবর্তন আনার চিন্তা-ভাবনা ।

পুরনো নিয়ম ফিরিয়ে আনলে পড়ুয়াদের দ্বাদশ শ্রেণিতে চারটি সেমেস্টারের পরিবর্তে একটিই চূড়ান্ত পরীক্ষা দিতে হবে । প্রথমে প্রি-টেস্ট, টেস্ট এবং তারপর চূড়ান্ত বোর্ডের পরীক্ষা। শিক্ষামন্ত্রীও ইতিমধ্যে সেমেস্টার পদ্ধতি নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন। ফলে আগামী শিক্ষাবর্ষ থেকেই পুরনো পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার সম্ভাবনা জোরালো হচ্ছে।এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী দীপক বর্মণ বলেন, “অনেক মাস্টারমশাই আমাদের বলেছেন যে সেমেস্টার সিস্টেমে ছাত্ররা যথাযথ উপকৃত হচ্ছে না। একটা বড় অংশের ধারণা এটাই। সেই জায়গা থেকে আমরা বিষয়টাকে পর্যালোচনার পর্যায়ে রাখছি। তবে কবে থেকে এবং ঠিক কী নিয়মে এই পরিবর্তন কার্যকর হবে, সেই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *