YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 19 September, 2026 1:35 pm (IST)

কলকাতা : উপনির্বাচনের আগে নন্দীগ্রামে চমকের পর চমক ! দলের নাম ও প্রতীকে তো তালা লেগেছে গুরুবারেই ! তার উপর আবার গোদের উপর বিষ ফোঁড়ার মতো ঘটনা। প্রার্থী প্রত্যাহার করেছেন নন্দীগ্রামের মমতা মনোনীত প্রার্থী সঞ্চিতা প্রধান দে এবং অবশেষে সকলকে চমকে দিয়ে নন্দীগ্রামে কংগ্রেস এর সঙ্গে হাত মেলালেন মমতা ! নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করবে তাঁর শিবির।তবে এখানেই শেষ নয় ,চমকের আরও কিছু বাকি ছিল বৈকি !
মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করার পরই মমতা ঘোষণা করলেন, নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করবে তাঁর শিবির। আর সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পুরনো একটি খুনের মামলায় গ্রেফতার হলেন নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। পরপর এই ঘটনাপ্রবাহে সকলের নজর এখন নন্দীগ্রামের উপনির্বাচন কেন্দ্রিক ঘটনা প্রবাহের দিকে। বিশেষ করে, প্রশ্ন তৈরি হয়েছে যে প্রার্থীকে সমর্থনের কথা প্রকাশ্যে ঘোষণা করলেন মমতা, মনোনয়ন প্রত্যাহারের শেষ পর্বে তাঁরই গ্রেফতারি ! এর মধ্যে অনেকেই রাজনৈতিক তাৎপর্য খোঁজার চেষ্টা করছেন । তবে গ্রেফতারির সরকারি কারণ হিসেবে পুলিশ সূত্রে পুরনো খুনের মামলায় তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ এবং ওয়ারেন্টের কথা বলা হয়েছে।
আইনি প্রক্রিয়ায় আজ শনিবার মিলন প্রধানকে হলদিয়া আদালতে হাজির করানো হতে পারে বলে জানা যাচ্ছে। ফলে এখন নিশ্চিতভাবেই সকলের নজর থাকবে আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে।দলের মনোনীত প্রার্থী নাম প্রত্যাহার করার পর মমতা জানিয়েছিলেন, ‘‘নন্দীগ্রামে সমর্থন করব কংগ্রেসকে। রাহুল গান্ধি আমাকে ফোন করেছিলেন। অরবিন্দ, অখিলেশ ট্যুইট করেছিল। আমরা সবাই এক আছি। এক সাথে আমরা কাজ করব। রাহুলকে সারপ্রাইজ, আমি ওকে বলিনি। আমি সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলাম৷’’
তবে মমতা শিবিরের প্রার্থী সরে দাঁড়ানো, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা এবং তার পরেই কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি—পরপর এই তিন ঘটনায় উপনির্বাচনের আগে রাজ্য রাজনীতি যে আবার বেশ সরগরম হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না।এই আবহে কোথাকার জল কোথায় গড়ায় আগামী কয়েকদিনে সেদিকে করা নজর থাকবে আমাদের।