যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Report by : Tista Mondal ●Digital Arrangement : Laboni De ●Graphix : IJMC

কলকাতা,২০ এপ্রিল :
ভোট,মুখী বাংলা। ভোটযুদ্ধের বাংলা। সকলেরই বিশেষ নজর এবার পানিহাটি কেন্দ্রের দিকে ! পানিহাটির ভোটযুদ্ধের পানি কোনদিকে গড়ায় তাই নিয়ে চরম উৎসুক গোটা বাংলাবাসী। তার কারণ এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ ওরফে আরজিকরের অভয়ার মা ! পানিহাটিতে প্রচারে গিয়ে বিজেপি-কে আক্রমণ করেন অভিষেক। পাশাপাশি অভয়ার মাকে যাতে কেউ আক্রমণ না করেন,কটূক্তি ,যেটা সকল রাজনৈতিক দলের বিরোধী প্রার্থীদের আক্রমণের প্রধান হাতিয়ার,যেন না করা হয় — সেই মর্মে আবেদন জানান তৃণমূলের সমর্থকদের।
তিনি বলেন, “আমার ভাবতে কষ্ট হয়, খারাপ লাগে, যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে, এই মাটিকে কলুষিত করে, কালিমালিপ্ত করেছে…আর যাই হোক পানিহাটির মানুষ তাদের ক্ষমা করবে না। আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে তৃণমূলের সমর্থক, সৈনিক যারা। বিজেপি-র যিনি প্রার্থী হয়েছেন, হাতজোড় করে আবেদন, কেউ শালীনতার বাইরে গিয়ে ভদ্রমহিলাকে বা বিজেপি-র প্রার্থীকে আক্রমণ করবেন না। আমাদের দল এটা আমাদের শেখায়নি।”
আর জি কর মামলার প্রসঙ্গ টেনে অভিষেক আরও বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল, সেই সঞ্জয় রায়কে এখনও শাস্তি দিতে পারেনি সিবিআই। তাই দেড় বছর ধরে তদন্ত চলছে। আমি বিজেপি-র প্রার্থীকে খালি এতটুকু অনুরোধ করব, আগামী ২৪ তারিখ আমি শুনছিলাম এখানে প্রধানমন্ত্রী আসবেন। আমাদের এতটুকু আবেদন খালি আপনার কাছে, হাতজোড় করে অনুরোধ, আপনি যদি সত্যিই চান, এরকম ঘটনা বাংলায় বা ভারতে আর না ঘটুক, তাহলে দয়া করে প্রধানমন্ত্রীকে তাঁর সভামঞ্চে বলবেন, রাষ্ট্রপতিকে বিলে সম্মতি দিতে, যাতে অপরাজিতা বিল পাস হয়।”
পানিহাটিতে এবার জমজমাট লড়াই এর আভাস পাওয়া যাচ্ছে। এক দিকে লড়ছেন বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ, অন্য দিন বিজেপির টিকিটে লড়ছেন আর জি করের নির্যাতিতার মা। পাশাপাশি আছেন সিপিএমের কলতান দাশগুপ্ত। এই ত্রিমুখী লড়াইয়ে শেষ হাসি কে হাসবে সেটা সময় বলবে বৈকি!