YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 06 November,2026 2:05 pm (IST)

কলকাতা :দীপাবলির পরেই পুরভোটের দামামা বাজার অপেক্ষায় যখন শহরবাসীরা ঠিক সেই আবহেই পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । ডিভিশন বেঞ্চ কলকাতা পুরসভার নির্বাচনী বিজ্ঞপ্তি জারির ওপরে অন্তর্বর্তী নির্দেশ দিল।বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল , ‘কলকাতা পুরসভার নতুন ওয়ার্ড বিন্যাস-মামলা চলছে । মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোট নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি নয়’ ।
প্রসঙ্গত ২০২৬-এর সংশোধনের ফলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন সিপিআইএমের প্রাক্তন কাউন্সিলর দীপু দাস।বিজোপি বিরোধী দলগুলি প্রথম থেকেই কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস যে পদ্ধতিতে হয়েছে, তাতে সহমত পোষণ করেননি। বিরোধীদের বক্তব্য , ওয়ার্ড পুনর্বিন্যাস হওয়ার কথা জনসংখ্যার ভিত্তিতে, কিন্তু তা হয়েছে ভোটারের নিরিখে। এতে করে নির্বাচনে সুবিধে পাবে বিজেপিই। তাই এই পুনর্বিন্যাস নিয়ে আপত্তি জানিয়ে , এই পুনর্বিন্যাসকে খারিজ করার দাবিতে হাইকোর্টে মামলা দায়ের হয় ।
আরও একটি বিষয় আদালতের নজরে আনেন মামলাকারীরা। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর পুরবোর্ড ভেঙেই দেওয়া হয়েছে। সেখানে বসানো হয়েছে একজন পুরপ্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটরকে। তিনি কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন, কীভাবে তা আইন সিদ্ধ হয়?
সবকিছু শোনার পর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না নির্বাচন কমিশন ।