• Report by:Tista Mondal
• YUGABIKSHON
• Published by : Laboni De
Last Updated:June 02, 2026 1:45 pm
কলকাতা :গতবছর যুবভারতীতে মেসি সফরকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় আয়োজক মেসির সঙ্গে শতদ্রু দত্তকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর জামিনে মুক্ত হয়ে পাল্টা হিসেবে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় আয়োজক শতদ্রু দত্ত পূর্বতন সরকারের দাপুটে নেতা, রাজ্যের প্রাক্তনমন্ত্রী অরূপ বিশ্বাস সহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এবার সেই ঘটনায় গ্রেফতারের আশঙ্কা রয়েছে অরূপের। গত শনিবার শতদ্রু দত্তের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।

অরূপের বিরুদ্ধে মোট পাঁচটি ধারায় এফআইআর হয়েছে বলে জানা যাচ্ছে। এগুলি হল: অভিন্ন উদ্দেশ্য ৩(৫), তোলাবাজি ৩০৮(২), প্রতারণা ৩১৮(৪), অপরাধ মূলক ভীতি প্রদর্শন ৩৫১(২), অপরাধ মূলক ষড়যন্ত্র ৬১(২) এই পাঁচটি ধারায় এফআইআর রুজু হয়েছে। এফআইআর রুজু হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশিথ প্রামানিক এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তকে ধন্যবাদ জানিয়েছেন শতদ্রু।
জেল মুক্তির পরে থেকে সেদিনের যুবভারতী কাণ্ড নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে নিয়ে আসছেন শতদ্রু। মেসি সফরে যুবভারতীর অনুষ্ঠানে প্রচুর টিকিট শতদ্রুর কাছ থেকে অরূপ দাবি করেছিল বলে অভিযোগ। পাশাপাশি টিকিট না দেওয়া হলে, বা তার কথা অমান্য করলে অনুষ্ঠান বাতিল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। শতদ্রুর দাবি, ২২ হাজার কমপ্লিমেন্টারি টিকিট নিয়েছিলেন অরূপ বিশ্বাস। পরে সেগুলি কালোবাজারি করা হয় বলে অভিযোগ। যুবভারতীতে মেসির সফর ঘিরে মাঠের মধ্যে যে ভিড় হয়েছিল সেখানে প্রাক্তনমন্ত্রী, নেতা এবং তাদের ঘনিষ্ঠদের জায়গা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। শতদ্রুর দাবি, অরূপ সহ প্রশাসনের কয়েকজনের ভুলের কারণেই মেসির অনুষ্ঠান পন্ড হয়ে গিয়েছে। অনুমতি ছাড়াই মাঠে একসঙ্গে অনেকে প্রবেশ করেছিল। এর ফলে যারা টাকা দিয়ে টিকিট কেটেছিল তাদেরকেও মেসিকে দেখতে পাননি। এবং অবশেষে চূড়ান্ত বিশৃংখলার মধ্যে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন মেসি।

যুবভারতীর এই বিশৃঙ্খলার ঘটনায় এবার গ্রেফতারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন অরূপ বিশ্বাস। সোমবার বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী অরূপ বিশ্বাস।