- Report by : Tista Mondal
- Published by:Laboni De
- যুগবীক্ষণ(YUGABIKSHON)
Last Updated:June 04, 2026, 11.40 PM IST
কলকাতা : তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। নিউ আলিপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। সম্প্রতি এক বড় নির্মাণ সংস্থার পক্ষ থেকে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে টাকা দাবি ও হুমকির এফআইআর দায়ের করা হয়। রিজেন্ট পার্ক এলাকার এক মেকআপ আর্টিস্টও তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে সূত্রের খবর।

কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে জল্পনা উঠে আসছিল যে অরূপ এবং স্বরূপ দুই ভাই গ্রেপ্তার হতে পারেন বলে। এবার সেই জল্পনাকে উস্কে দিয়েই গ্রেফতার হলেন স্বরূপ বিশ্বাস।তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫ (১) যৌন হেনস্থা, ৩০৮(৪) টাকা বা সম্পত্তি আদায়, ৩০৮(৫) তোলাবাজি, ১০৯ খুনের চেষ্টা, ৩৫১(৩) অপরাধমূলক হুমকি বা ভীতিপ্রদর্শন, ৬১ অপরাধমূলক ষড়যন্ত্র এবং অস্ত্র আইনের ২৫ এবং ২৭ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। সব ক’টি ধারাই জামিন অযোগ্য।
শ্লীলতাহানি এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার স্বরূপ । বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ তার নিজের বাড়ি থেকে গ্রেফতার করে প্রথমে নিউ আলিপুর থানায় রাখা হয় তাঁকে। এরপর মেডিকেল করানোর জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মেডিকেলের পর আলিপুর থানাতেই ফিরিয়ে আনার কথা ছিল। তবে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখার পর নিউ আলিপুর থানায় স্বরূপ বিশ্বাসকে ফিরিয়ে নিয়ে আসা নিরাপদ নয় বলেই মনে করেন পুলিশ। সেই কারণে বৃহস্পতিবার রাতেই স্বরূপ বিশ্বাসকে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে, আজ রাতে সেখানেই থাকবেন স্বরূপ। আগামীকাল তাঁকে আদালতে তোলা হবে।
স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির খবর ছড়াতেই থানার বাইরে সাধারণ মানুষ, স্থানীয়রা উপস্থিত হয়ে পুলিশের গাড়ি ঘিরে ধরেন। থানার সামনে ডিম নিয়ে হাজির হন একাধিক ব্যক্তি । স্বরূপ বিশ্বাসকে উদ্দেশ্য করে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়। পাশাপাশি স্বরূপের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। পুলিশ কোনোমতে পরিস্থিতি সামাল দিয়ে গাড়ি করে স্বরূপ বিশ্বাসকে নিয়ে বেরিয়ে যায়।নিউ আলিপুর থানার সামনে ভিড় করেছেন এলাকার সাধারণ মানুষের একাংশ। বিক্ষোভ দেখান তাঁরা।
টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত পনেরো বছর ধরে বিশ্বাস ভাইদের দাপট এবং স্বেচ্ছাচার ছিল প্রশ্নাতীত। তাঁদের বিরুদ্ধে মুখ খোলায় বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীকে কাজ করতেই দেওয়া হয়নি বছরের পর বছর। শিকার হতে হয়েছে হুমকির। টালিগঞ্জে গাজোয়ারির এই সব নমুনা তৃণমূল আমলেই সামনে এসেছিল। কিন্তু কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। উল্টে, প্রতিবাদীদের কোণঠাসা হতে হয়েছিল। রাজ্যে ভোটে পালাবদল হওয়ার পরে স্বরূপ বিশ্বাসের সেই সব কীর্তি নতুন করে সামনে এসেছে।
দীর্ঘ বছর ধরে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস কিভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে তা একে একে তুলে ধরেন সেখানে উপস্থিত জনগণেরা। এক মহিলার অভিযোগ, তাঁর ছেলেকে মারধর করেছে স্বরূপ ঘনিষ্ঠরা। পাশাপাশি স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, কেউ কোনও কাজ শুরু করতে গেলে সেক্ষেত্রে আগে কাটমানি দিতে হতো স্বরূপকে। পূর্বেই তোলাবাজি থেকে শুরু করে শ্লীলতাহানির মতো একাধিক অভিযোগ ছিল অরূপের ভাই স্বরূপের ওপর। গুরুতর অভিযোগ থাকলেও সেই সময় কোনও আইনি পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। অবশেষে বাংলায় ক্ষমতা হস্তান্তর হতেই দীর্ঘ দিন অভিযোগের শীর্ষে থাকা স্বরূপ গ্রেফতার হল