YUGABIKSHON NEWS BUREAU REPORT
Prepared by : Tista Mondal
Edited & Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated:June 15, 2026 2:05 pm IST
কলকাতা :বাংলায় বিজেপি সরকার আসার পর আজ, থেকে শুরু হচ্ছে প্রথম ৩ দিনের ‘জনকল্যাণ শিবির’৷রাজ্যের সাধারণ মানুষ এই সরকারি শিবির থেকেই সরাসরি সরকারি প্রকল্পের সুবিধা পাবেন ৷ রাজ্যের গ্রাম পঞ্চায়েত, পুরসভা ও পুরনিগম এলাকায় তিন দিন ধরে চলবে জনকল্যাণ শিবির৷ সূত্রের খবর অনুযায়ী এই তিন দিনে বিভিন্ন জায়গায় থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, ১৫ জুন নন্দীগ্রামে থাকবেন শুভেন্দু অধিকারী, ১৬ জুন থাকতে পারেন উত্তরবঙ্গের কার্শিয়াঙে, ১৭ জুন দক্ষিণ ২৪ পরগনার ক্যাম্পে উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর৷কেন্দ্র ও রাজ্য মিলিয়ে মোট ৫৫ টি প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে এই জনকল্যাণ শিবির থেকে !

জনকল্যাণ শিবিরে কী কী সুবিধা মিলবে ?
১. অন্নপূর্ণা যোজনার আবেদনে সম্পূর্ণ রূপে সহায়তা
২. আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তি
৩. প্রধানমন্ত্রী জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি বিমা যোজনা, অটল পেনশন যোজনায় আবেদন
৪. কন্যাশ্রী/বেটি বচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা
৫. পিএম মৎস্য সম্পদ যোজনা, পিএম গরিব কল্যাণ যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১, পিএম উজ্জ্বলা যোজনা
৬. শিক্ষাশ্রী, মেধাশ্রী, তপশিলি বন্ধু, শ্রমিক কল্যাণ প্রকল্প-সহ একাধিক পরিষেবা
৭. পিএম বিশ্বকর্মা যোজনা সহ আরও বেসন কয়েকটি রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি যোজনার আবেদন করা যাবে এই জনকল্যাণ শিবিরে৷
শিবির পরিচালনার সর্বোচ্চ দায়িত্বে থাকবেন জেলাশাসক , প্রতিটি জেলার জন্য পৃথক কন্ট্রোল রুমও চালু থাকবে। রাজ্যস্তরে ১৩ জুন থেকে কন্ট্রোল রুম চালু হয়েছে টোল-ফ্রি হেল্পলাইন 1800-345-011 শিবিরগুলিতে সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে এবং রেকর্ড করা ফুটেজ ন্যূনতম ৩০ দিন সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তালিকার বাইরে অতিরিক্ত কোনও নথি চাওয়া যাবে না এবং যোগ্য কোনও আবেদনকারীকে পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না। এছাড়া, শিবিরে প্রাপ্ত প্রতিটি অভিযোগ অনলাইন ব্যবস্থায় নথিভুক্ত করা হবে এবং অভিযোগকারীদের জন্য একটি স্বতন্ত্র রেফারেন্স নম্বর ইস্যু করা হবে।