YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated : 6 August,2026 : 2:35 pm (IST)
কলকাতা : সামনেই বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা।আগমনী উৎসবের আগমনের দিন গোনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই ! এই আবহেই বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ও পরিচালনায় পাটুলির KMDA মেলার মাঠে চার দিনব্যাপী এক বিশাল এক্সিবিশনের আয়োজন করা হয়েছে । ৫ আগস্ট, বুধবার থেকে আগামী ৮ আগস্ট, শনিবার পর্যন্ত চলবে এই এক্সিবিশন ।এবছর এই প্রদর্শনীর দ্বাদশতম বর্ষ।
মূলত তথ্য-প্রযুক্তির সম্ভার নিয়ে এই এক্সিবিশন। তবে এই এক্সিবিশন কিছুটা ভিন্ন ধরনের ! সচরাচর চোখে পড়ে না বললেই চলে। তথ্য-প্রযুক্তি- প্রতিরক্ষার পাশাপাশি ডিফেন্স, সাইন্স, টেকনোলজি, এডুকেশন, ইলেকট্রনিক্স, আইটি, এনভায়রনমেন্ট, হেলথ, ট্যুরিজম, টেক্সটাইলস, কমার্স, ইন্ডাস্ট্রি, ট্রেড, কোল মাইনস, মিনারেলস, ডেয়ারি, ফিসারিজ , অ্যানিমেল হাজবেন্ড্রি ,অ্যাগ্রিকালচার ইত্যাদি এই প্রদর্শনীর বিষয়বস্তু। এই সমস্ত বিষয়ের অসংখ্য স্টল রয়েছে এই এক্সিবিশনে। ছাত্র-ছাত্রী সহ সাধারণ মানুষের জন্য বহু অজানা কে জানার বিভিন্ন বিষয় রয়েছে এই এক্সিবিশনে। এক্সিবিশন এর প্রথম দিন থেকেই স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ বহু ছাত্র-ছাত্রীরা উপস্থিত হচ্ছেন এবং উপভোগ করছেন ।
শুধু তাই নয়। রয়েছে বিশেষ চমকও যা আপনাদের তাক লাগিয়ে দেবে বৈকি ! ১২ তম এই ইন্ডিয়ান ন্যাশনাল এক্সিবিশনে চমক অপারেশন সিঁদুরের সময় ব্যবহৃত মিসাইল ‘আকাশ’
এই বিশেষ প্রদর্শনীর সাড়ম্বর উদ্বোধন হল ৫ আগষ্ট, বুধবার।উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়িকা ও এই এক্সিবিশন কমিটির মুখ্য উপদেষ্টা শর্বরী মুখার্জি, বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর কর্ণধার মহম্মদ ইব্রাহিম মোল্লা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তথ্য ও জ্ঞানের সমৃদ্ধির পাশাপাশি আরও একটি দিক রয়েছে এই এক্সিবিশনের। চারদিন ব্যাপী এই এক্সিবিশনে প্রতিদিনই নামী দামী শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।রয়েছে উপভোগ্য নৃত্যানুষ্ঠানও ।অনুষ্ঠানমঞ্চ মাতানো শিল্পীদের তালিকায় রয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী পৌষালী ব্যানার্জি, সারেগামাপা জয়ী অঙ্কিতা ভট্টাচার্য,সারেগামাপা খ্যাত সতীশ গাজমের প্রমুখ ।
এই প্রদর্শনীর উদ্বোধনের দিনেই সমাজের বিভিন্ন স্তরের অসংখ্য মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত ! সবমিলিয়ে দুর্গোৎসবের আগেই BHRDF-এর আয়োজিত অনুষ্ঠানের মাষ্যমে কয়েকদিন যে জমজমাট হয়ে উঠতে চলেছে পাটুলির KMDA মেলার মাঠ,সে কথা বলার অপেক্ষা রাখে না বৈকি !