যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Report by : Tista Mondal ●Graphix : Laboni De ●Digital Arrangement : IJMC
কলকাতা,২২ মে :মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় নতুন বিজেপি সরকার শপথ নেওয়ার পরই জানিয়ে দেওয়া হয়েছিল যে অন্যান্য বেশ কিছু পরিষেবা সহ রাজ্যে ১জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য শুরু হচ্ছে বিনামূল্যে সরকারি বাসযাত্রা পরিষেবা। রাজ্য সরকারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সুবিধা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মহিলারাই পাবেন। পরিষেবা পেতে প্রয়োজন হবে আধার কার্ড, ভোটার আইডি ও ঠিকানার কোনও একটি প্রমাণপত্র।

মহিলাদের যাতায়াতের সুবিধার জন্য বিনামূল্যে বাস পরিষেবা দেবে রাজ্য। দিল্লির ধাঁচে এবার পশ্চিমবঙ্গেও মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে সরকারি বাসে সফর করতে পারবেন। তবে তার জন্য মানতে হবে বিশেষ একটি শর্ত। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য।
*শুক্রবার রাজ্য পরিবহন দফতরের বৈঠক ছিল ময়দান টেন্টে। তাতে স্পষ্ট করা হয়েছে কারা পাবেন এই সুবিধা, কোন কোন বাসে ছাড় মিলবে মহিলাদের। বৈঠকে উপস্থিত ছিলেন ভূতল পরিবহণ নিগম, ক্যালকাটা ট্রাম কম্পানি, ক্যালকাটা সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশন সংস্থা।*মূলত ১ জুন থেকে মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার ক্ষেত্রে নানা ব্যবস্থার কথা আলোচনা হয়।বৈঠক সিদ্ধান্ত হয়েছে, বিনামূল্যে বাসে চড়ার পরিষেবা শুধুমাত্র রাজ্যের মহিলারাই পাবেন। অন্য রাজ্য থেকে এলে সেই সুবিধা নিতে পারবেন না।
এবার প্রশ্ন হল ওই মহিলা বাসিন্দা যে পশ্চিমবঙ্গের সেটা কন্ডাক্টর বুঝবেন কীভাবে?
*প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, যে ১১ পরিচয় পত্র প্রত্যেকের থাকে, তার মধ্যে একটি সরকারি বাসে যাতায়াতের সময় কাছে রাখতে হবে। কন্ডাক্টরকে বাধ্যতামূলকভাবে সেই পরিচয় পত্র দেখবেন। তারপর কন্ডাক্টর নিজের টিকিট পাঞ্চিং মেশিন থেকে একটি কুপন ইস্যু করবে ওই মহিলা যাত্রীর জন্য। প্রতিমাসে যে পরিমান টিকিট ইস্যু হবে, রাজ্য সরকার সমপরিমাণ টাকা গড় হিসেব ধরে পরিবহন দফতর বা নিগমকে দিয়ে দেবে।
রাজ্যের পরিবহন নিগমগুলির অধীনস্থ সমস্ত ক্যাটাগরির সরকারি বাসে এই সুবিধা মিলবে। শুধু শহরের ভিতরের ছোট রুট অর্থাৎ লোকাল বাসই নয়, দূরপাল্লার সমস্ত রুটের সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
*এই প্রকল্পের সুবিধা পেতে প্রতিটি সুবিধাভোগী মহিলার জন্য ছবি ও নামসহ একটি করে ডিজিটাল ‘স্মার্ট কার্ড’ ইস্যু করবে সরকার। মহিলারা এই স্মার্ট কার্ডের জন্য নিজ নিজ এলাকার বিডিও অথবা মহকুমা শাসক অফিসে নির্দিষ্ট নথিসহ আবেদন করতে পারবেন।
*আধার কার্ড , ভোটার কার্ড , গ্রামীণ কর্মসংস্থান জব কার্ড, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবিসহ পেনশনের নথি কিংবা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল পরিচয়পত্রের যে কোনও একটি থাকলেই এই কার্ড মিলবে। সঙ্গে দিতে হবে সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি। কার্ড না পাওয়া পর্যন্ত মিলবে ‘জিরো ভ্যালু টিকিট’।
*যতদিন না মহিলারা এই কার্ড পাচ্ছেন, ততদিন পর্যন্ত মহিলাদের সঙ্গে থাকতে হবে আধারকার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ডের মতো কোনও একটি নথি।