চোরবাগান কাণ্ডে এবার শিল্পীকে হাজিরার নির্দেশ লালবাজারের ! কী কারণে জরুরি তলৰ পুলিশের ?

কলকাতা : এবার চোরবাগান দুর্গাপূজা মণ্ডপের দুর্ঘটনায়  শিল্পী সুশান্ত শিবানী পালকে  জরুরী তলব  করল লালবাজার। বুধবারের মধ্যে তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিল্পীকে করা হবে জিজ্ঞাসাবাদ । ঘটনার দিন ডিউটিতে ছিলেন এমন ১২ জন পুলিশকর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে। তাঁদের বয়ান রেকর্ড করা হবে লালবাজারে।শিল্পীর কাছে কাছে জানতে চাওয়া হতে পারে কী নকশায় মণ্ডপ তৈরি হয়েছিল।

সূত্রের খবর চোরবাগানের মণ্ডপে ও আশপাশে লাগানো ৩২ টি সিসিটিভি ক্যামেরার মধ্যে ১৬টি ক্যামেরার ফুটেজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। চোরবাগানে কীভাবে ঘটেছিল বিপর্যয় তা জানতে ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন এমন ৩ জনকে আজ জিজ্ঞাসাবাদের জন্য  ডাকা হয়েছে লালবাজারে।

প্রসঙ্গত ,পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে দুর্ভাগ্যজনকভাবে চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের।  শেষ হয়ে গেছে বহু পরিবারের আশা-ভরসা।সেদিন মৃত্যুকে যাঁরা খুব কাছ থেকে দেখেছিলেন, তাঁদের চোখে-মুখেও এখন একরাশ আতঙ্ক। কাদের গাফিলতিতে ও ভুলে  চলে গেল ১৯টা তরতাজা প্রাণ ? তারা কি কোনওদিন যথাযোগ্য শাস্তি পাবে ? খতিয়ে দেখতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে রাজ্য  সরকার।ইতিমধ্যেই নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।   তদন্তে, ঘটনার দিনের CCTV ফুটেজ, মোবাইল ফোনের ভিডিও, নিহত ও আহতদের চিকিৎসা সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখবে SIT ।

চোরবাগান কাণ্ডে লালবাজারের স্ক্যানারে রয়েছে মণ্ডপে ডিউটিতে থাকা পুলিশকর্মীদের ভূমিকাও। লালবাজার সূত্রে খবর, ঘটনার দিন মণ্ডপের সামনের রাস্তা এন্ট্রি-এক্সিট পয়েন্ট যে সব পুলিশকর্মী মোতায়েন ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। তৈরি করা হয়েছে তালিকা। সেই তালিকা ধরে, কে কোথায় কী দায়িত্বে ছিলেন, তা নিয়ে সোমবার থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ড করা হবে।

 অন্যদিকে, চোরবাগানে মৃত্য়ুমিছিল নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে  রাজ্য মানবাধিকার কমিশন। কমিশন সূত্রে খবর, এনিয়ে শুনানির হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *