YUGABIKSHON SPORTS DESK
যুগবীক্ষণ স্পোর্টস ডেস্ক
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 30 July, 2026 7:32 pm (IST)

কলকাতা : সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল ! ফুটবলে মাতোয়ারা ৮ থেকে ৮০ সকলেই।আর ফুটবলের কথা বলতে বিশ্বব্যাপী যে নামটি সর্বপ্রথম আসে তা হলো ব্রাজিল !
২০২৬ এর বিশ্বকাপে আশানুরূপ ফল না করতে পারলেও ফুটবল মানেই এক কথায় উঠে আসে ব্রাজিলের নাম। এবার বিশ্বসেরা ফুটবল দল ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে ভারত! কিছুদিন আগেই কলকাতা সফরে এসেছিলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। যুবভারতীর মাঠে লিওনেল মেসি, নিকোলাস ওটামেন্ডি , সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন দের মত বিশিষ্ট ব্যক্তিত্বদের ছোঁয়া লেগে আছে।
এবার যুবভারতীর ময়দানে নামতে চলেছে ব্রাজিল। এর আগে ২০১১ সালের আগস্ট মাসে কলকাতায় খেলতে এসেছিল আর্জেন্টিনার সিনিয়র দল। দীর্ঘ ১৫ বছর পর আবার সুখবর ফুটবল প্রেমীদের জন্য। সূত্রের খবর, ব্রাজিলের প্রথম সারির দলই খেলবে কলকাতার ময়দানে। ব্রাজিলের বিপক্ষ দল হিসেবে ভারতের খেলার কথা সামনে এসেছে। সেই অর্থে বলতে গেলে ব্রাজিলের স্টার প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়রদের বিপক্ষে লড়বেন সন্দেশ জিঙ্ঘান , সাহালরা। আগামী ৩ অক্টোবর, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আগেই কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বিশ্বসেরা দল ব্রাজিলের বিপক্ষে খেলবে ভারতীয় ফুটবল দল।সেদিক থেকে দেখতে গেলে এই ম্যাচ ফুটবল প্রেমী বাঙালির কাছে পূজোর উপহার বৈকি !
নেতাজি ইনডোর স্টেডিয়ামে মোহনবাগান ক্লাবের পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও আইএফএ সচিব কল্যাণ চৌবে। এবিষয়ে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, “আমরা এতদিন দর্শক হয়ে থেকেছি। এবার আমরা নিজেরাও খেলব।”
প্রসঙ্গত উল্লেখযোগ্য, বিশ্বকাপের রাউন্ড অফ ১৬ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল ফুটবল দল। অবসর নিয়েছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা তারকা ফুটবলার নেইমার জুনিয়ার। এরপরেই পরবর্তী সূচি প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সূচি অনুযায়ী, আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অজি ভূমিতে দুটি প্রীতি ম্যাচ খেলবেন ভেনিসিয়াসরা ।এরপরে ভারতের পালা ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে কলকাতার মাঠে নামবে নেইমারহীন ব্রাজিল।
তবে গতবার যুবভারতীতে লিওনেল মেসির আসাকে নিয়ে যে ভয়ঙ্কর ন্যাক্কারজনক বল্গাহীন পরিস্থিতির সম্মুখীন ফুটবলপ্রেমীরা হয়েছিলেন তার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই আশাতেই রয়েছেন আপামর ফুটবলপ্রেমীরা বৈকি!